ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিল্লালের চমক


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিল্লালের চমক

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতিক) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বে-সরকারি প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিল্লাল মিয়া (ঘোড়া প্রতিক) ৭৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন (চশমা প্রতিক) পেয়েছেন ৪৯০ ভোট ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম এমএসসি (আনারস প্রতিক) পেয়েছেন ১৩৩ ভোট।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

জেলার ৬টি সংসদীয় আসন, ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ গঠিত। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১৩৮৪ জন।

এর মধ্যে রয়েছে নাসিরনগর উপজেলায় ১৭১জন, সরাইল উপজেলায় ১১৯জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪জন ভোটার।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহনের পর এক বছর পূর্ন হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।