সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহসিন খান বুলবুল, সাভার:সুস্থ দেহে চাইলে মন, ঘুরে এসো ক্রীড়াঙ্গন এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। বরাবরের মতো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সকল দর্শক ও অতিথিদের নজর কাড়ে।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাভার পৌরসভার ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লায়ন মাহফুজ -উল-হক।

প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বনভোজনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।

এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।