কুষ্টিয়ায় ৪ মাসের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৩০ মে, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ৪ মাসের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ

কুষ্টিয়ায় গড়াই নদীতে চার মাস বয়সী শিশুসন্তানকে নদীতে ফেলে দিয়ে এক নারী নিজেও ঝাঁপ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল চারটার দিকে কুষ্টিয়া শহর-সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

নিখোঁজ শিশুর নাম হাদি। উদ্ধার হওয়া নারীর নাম যমুনা (২২)। নিরাপত্তার স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার আবদুল আলিমের সঙ্গে যমুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই দিন আগে যমুনা শিশুপুত্রকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে বাবার বাড়িতে যান।

শুক্রবার বিকেলে তিনি কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে গিয়ে শিশুটিকে নদীতে ফেলে দেন এবং পরে নিজেও নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মাছ ধরার নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে যমুনাকে উদ্ধার করেন। তবে শিশুটি নদীর স্রোতে ভেসে যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, স্থানীয় জেলেদের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয় ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযানে অংশ নিতে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে।

শিশুটির বাবা আবদুল আলিম বলেন, তাঁর ছেলে অসুস্থ ছিল। চিকিৎসার জন্য কুষ্টিয়ার বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। এ জন্য তিনি আগের দিন স্ত্রীকে বাড়িতে ফিরে আসতে বলেছিলেন। তবে তিনি আসেননি। পরে জানতে পারেন, তাঁর স্ত্রী শিশুটিকে নদীতে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটির পর যমুনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি কোনো কথা বলছেন না, শুধু কান্না করছেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আর্কাইভ