
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ আয়োজন করা হয়।
দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তিনি সপরিবারে নিহত হন।
স্মরণসভায় দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত ও তাঁর ছয় বছরের কন্যা মহিমা দত্ত উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে।
স্মৃতিচারণ করে বক্তারা বলেন, দেবাশীষ দত্ত ছিলেন দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক সাংবাদিক। মানুষের কথা, এলাকার সমস্যা ও জনদুর্ভোগ তিনি তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরতেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও সাহসিকতার কথাও স্মরণ করেন সহকর্মীরা।
বক্তারা বলেন, দেবাশীষ দত্তের অকালমৃত্যু সাংবাদিক সমাজ ও তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। স্মৃতিচারণের সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সভাপতি লিপু খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত ও তাঁর কন্যা মহিমা দত্তের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :