চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৪ মে, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ ১৬৭
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার সকালে কবির স্মৃতিবিজড়িত মিশনপাড়ার আটচালা ঘরের পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

পরে কবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কার্পাসডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মিশন মাঠে গিয়ে শেষ হয়।

মিশন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম, জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন সংগ্রামী মানুষ। তাঁর সাহিত্য ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা নজরুলচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কার্পাসডাঙ্গা ইউনিয়নের মিশনপাড়ায় অবস্থিত ঐতিহাসিক আটচালা ঘরটি কবি নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। ১৯২৬ ও ১৯২৭ সালে কবি এখানে সপরিবারে একাধিকবার অবস্থান করেছিলেন।

সেই সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং ভৈরব নদের তীরবর্তী পরিবেশ কবির সাহিত্যচর্চায় গভীর প্রভাব ফেলেছিল বলে স্থানীয় গবেষকেরা জানান। তাঁর বিখ্যাত উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’, গল্প ‘পদ্মগোখরো’ ও ‘লিচু চোর’সহ বেশ কিছু গান ও কবিতা এই এলাকায় অবস্থানকালে রচিত হয় বলে আয়োজকেরা উল্লেখ করেন।

বর্তমানে ঐতিহাসিক আটচালা ঘরটি হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরিরা সংরক্ষণ করছেন। স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা এ স্থানকে রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন। তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০