নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ ২১
নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা হয়। এ সময় তাঁদের সপরিবারে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেন তাঁরা।

সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মামলা না নিয়ে অভিযোগটি রেখে দেন। চার দিনেও মামলা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তাঁরা। একই সঙ্গে আহত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

তাঁরা আরও অভিযোগ করেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ সংগ্রহ করেনি। পাশাপাশি এতিমখানার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাঁরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিষয়টি তদন্তে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নোয়াখালী প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা বক্তব্য দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০