
আজ সোমবার (২৩ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন (৪০) ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে সোমবার সকালে উভয় পক্ষ লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষের একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চায়না খাতুন মারা যান। সংঘর্ষে আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়িঘরে ভাঙচুর করে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :