বৃদ্ধ মা-স্ত্রীকে কাঁদিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ইউসুফের মৃ.ত্যু


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ ৮৯
বৃদ্ধ মা-স্ত্রীকে কাঁদিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ইউসুফের মৃ.ত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার (৩০ মে) কর্মস্থলে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাবাগ গ্রামের মৃত তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। দীর্ঘদিন ধরে তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার কাজের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী হাজেরা খাতুন বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন। হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের পরিবারকে অসহায় করে দিয়েছে। আমরা দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করার অনুরোধ জানাই।”

পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

ইউসুফ মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি বৃদ্ধ মা ও স্ত্রী রেখে গেছেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০