লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক


প্রতিনিধি প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক

লালমনিরহাট, প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদের নতুন পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এর সংশোধিত ধারা ৮২ক (১) মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব স্থগিত করা হয়। এর পর থেকে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে অবশেষে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নতুন নেতৃত্ব নিশ্চিত হলো।
নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হন। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে লালমনিরহাট জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

আর্কাইভ