সীমান্তে রক্ত ঝরছে, সরকার নীরব- হাতীবান্ধায় ক্ষোভ ঝাড়লেন নাসিরুদ্দিন পাটওয়ারী


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৯ মে, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সীমান্তে রক্ত ঝরছে, সরকার নীরব- হাতীবান্ধায় ক্ষোভ ঝাড়লেন নাসিরুদ্দিন পাটওয়ারী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। এ সময় তিনি সীমান্ত হত্যা বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৯ মে) নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বন্ধে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার ঘটনায় অনেক সময় প্রকৃত পরিস্থিতি আড়াল করে ভিন্ন বার্তা প্রচার করা হয়।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। নিরীহ মানুষ গুলিবিদ্ধ ও নিহত হচ্ছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিজিবিকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবি জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, সীমান্ত দিয়ে পুশইন, মাদক প্রবেশ ও নির্যাতনের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাঁর দাবি, এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহতদের “শহীদি মর্যাদা” দিয়ে রাষ্ট্রীয় তালিকাভুক্ত করা হবে এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলেও সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সমালোচনা করেন নাসিরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বর্তমান নেতৃত্ব সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

পরে নিহত খদেমুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১