এইচএসসির ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সদরে পাসের হার সর্বোচ্চ, তলানিতে কসবা


বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ ৫২
এইচএসসির ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সদরে পাসের হার সর্বোচ্চ, তলানিতে কসবা

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। অন্যদিকে, মাত্র ২৯ দশমিক ৯৬ শতাংশ পাসের হার নিয়ে তালিকার তলানিতে রয়েছে কসবা উপজেলা। দুই উপজেলার পাসের হারের ব্যবধান ৩৯ দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় মোট ১১ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯৭ জনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি জিপিএ-৫ পেয়েছে নবীনগর উপজেলার শিক্ষার্থীরা।

উপজেলাভিত্তিক ফলাফলে শীর্ষে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৫৬ জন। এ উপজেলায় পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে আশুগঞ্জ উপজেলা। সেখানে ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭৪ জন। পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। আখাউড়ায় ৬০০ জনের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। এ উপজেলায় পাসের হার ৫৯ শতাংশ।

নাসিরনগরে ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭০ জন। পাসের হার ৪৭ শতাংশ। অন্যদিকে, বিজয়নগরে ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭ জন উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে, সরাইল, নবীনগর, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলায় তুলনামূলক কম পাসের হার দেখা গেছে। সরাইলে পাসের হার ৩৭ দশমিক ৩২ শতাংশ, নবীনগরে ৩৬ দশমিক ৯৪ শতাংশ এবং বাঞ্ছারামপুরে ৩৪ দশমিক ৭৪ শতাংশ।

সবচেয়ে পিছিয়ে রয়েছে কসবা উপজেলা। সেখানে পাসের হার মাত্র ২৯ দশমিক ৯৬ শতাংশ। ফলে জেলার উপজেলাগুলোর মধ্যে পাসের হারে সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের ব্যবধান বেশ বড় হয়ে উঠেছে।

ফলাফলের এ চিত্রে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করলেও কসবাসহ কয়েকটি উপজেলায় শিক্ষার্থীদের সাফল্যের হার উদ্বেগজনকভাবে কম।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০