হাইকোর্টে শুরু নুসরাত হ.ত্যা মামলার আপিল শুনানি


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ ৪১
হাইকোর্টে শুরু নুসরাত হ.ত্যা মামলার আপিল শুনানি

ফেনীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স), আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য বুধবার (২৯ জুলাই) দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৯ অক্টোবর বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক (মামলার পূর্ণাঙ্গ নথি) প্রস্তুত করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হলে তিনি এ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। এ কারণে ডেথ রেফারেন্সের পাশাপাশি আসামিদের করা আপিল ও জেল আপিলও একসঙ্গে শুনানি হচ্ছে।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ মামলার রায় দেন। রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন নুসরাতের মা শিরিন আক্তার। ওই মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ার পর তাঁর অনুসারীরা নুসরাতকে হত্যার পরিকল্পনা করে।

এর ধারাবাহিকতায় ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদ্রাসার ভবনের ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনায় ৮ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২৮ মে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০ জুন অভিযোগ গঠন করেন আদালত। মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় ঘোষণা করা হয়।

হাইকোর্টে শুনানি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি বলেন, “দীর্ঘদিন পর হলেও মামলার শুনানি শুরু হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি, আশা করি উচ্চ আদালতেও ন্যায়বিচার পাব।”

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১