
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশের কপি পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয় ত্যাগ করেন। এরপর গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাসহ অন্যদের উদ্ধার করে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে অনৈতিকভাবে স্পর্শ ও যৌন হয়রানি করার অভিযোগ ওঠে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থী বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানালে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। লিখিত অভিযোগে ওই শিক্ষক এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের আচরণ করেছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদকে অবহিত করেন।
বুধবার সকালে অভিযোগের তদন্ত ও বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে পরে কৌশলে বিদ্যালয় থেকে চলে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করেন।
পুলিশের উপস্থিতিতে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে বিভিন্ন কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
ঘটনার তদন্ত ও বিদ্যালয় পরিদর্শন শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক সরকারি চাকরি আইন-২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী অভিযুক্ত সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদেশটি ২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরখাস্তের আদেশের চিঠি ও এর অনুলিপি বিদ্যালয়ে পৌঁছালে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় মাঠ ত্যাগ করেন। পরে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ অবরুদ্ধ শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিরাপদে উদ্ধার করে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।’
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :