ফসলরক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : পানিসম্পদ মন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
ফসলরক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : পানিসম্পদ মন্ত্রী

মোঃ মাইনুদ্দীন সুনামগঞ্জ থেকে:সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এলাকায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ফসলরক্ষা বাঁধ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই ফসলরক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর মেরামতের ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে।

 

বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য হাওরাঞ্চলকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই অঞ্চলের খোঁজখবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি—এটি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি।

প্রতি বছর যেন এই কাজগুলো সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত থাকে, সে দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। অতীতে বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল।

ভবিষ্যতে যেন আর তা না হয়—সেজন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল হক এবং পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলায় প্রায় ৫৩টি হাওরে চলতি মৌসুমে ৭০২টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে।

এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা। মোট ৫৮৫ কিলোমিটার প্রাক্কলিত বাঁধের মধ্যে ১০৪টি স্থানে ক্লোজার (ভাঙা) রয়েছে।