মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
মৌলভীবাজার: “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও উন্মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার-এর তত্ত্বাবধায়ক প্রনয় কান্তি দাস।
সভায় আরও অংশ নেন স্থানীয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিকে কাজে লাগিয়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিজ্ঞানের সঠিক প্রয়োগই পারে সকল প্রাণকে সুরক্ষিত রাখতে।” সভায় বক্তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :