আ.লীগ নেতার বাড়িতে দাওয়াতে যাওয়ায় সেনবাগ থানার ওসি প্রত্যাহার


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ ৬১
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াতে যাওয়ায় সেনবাগ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে যাওয়ার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে।

তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত দাওয়াতে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর থানা থেকে চলে যান। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানেন না।
তিনি আরও বলেন, বটতলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াতে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০