
বিকেলে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে তারা মনে করেন। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে শ্যামল বলেন, “আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, ডামি নির্বাচন করে আসিনি। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।” তিনি দাবি করেন, বিএনপিকে জনগণ ভোট দিয়ে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। তাঁর দাবি, ক্ষমতা গ্রহণের পর তেল উৎপাদনকারী দেশগুলোর পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে শ্যামল বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :