
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহত কুষ্টিয়ার চারজন হলেন—কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশিষ দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাঁদের দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মো. আকরাম আলী (৬৪)।
দেবাশিষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরকে নিয়ে ভারতে যান দেবাশিষ। কলকাতার পাশাপাশি তাঁরা বেঙ্গালুরুও গিয়েছিলেন। ঘটনার দিন রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তাঁরা। বুধবারই তাঁদের দেশে ফেরার কথা ছিল। এর আগেই হোটেলের ভয়াবহ আগুনে প্রাণ হারান চারজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের বিভিন্ন ছবি ও তথ্য নিয়মিত শেয়ার করছিলেন দেবাশিষ। মৃত্যুর কিছু সময় আগে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই…’। সেই ভ্রমণই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।
দেবাশিষের বড় মেয়ে পাখি কুষ্টিয়ায় থাকায় প্রাণে বেঁচে গেলেও এক নিমিষে সে বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়ে গেছে।
ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন দেবাশিষের মা স্বপ্না দত্ত ও বাবা দিলীপ দত্ত। স্বপ্না দত্ত বিলাপ করে বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না। কালকেও তো ভালো মানুষটা আমার সঙ্গে কথা বলল! এখন আমার কী হবে?” বাবা দিলীপ দত্ত বলেন, “একজন বাবা হয়ে কীভাবে সন্তানের লাশ মেনে নেব?”
দেবাশিষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেবাশিষ অত্যন্ত মেধাবী, পেশাদার ও সাদা মনের মানুষ ছিলেন।”
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বলেন, “দীর্ঘদিনের সহকর্মীকে এভাবে হারানো হৃদয়বিদারক। তাঁর এই নির্মম প্রস্থান কুষ্টিয়ার সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি।”
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :