
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তালবাড়ীয়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল ইসলাম (৪৫) ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি হিমেল পরিবহনের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেল পরিবহনের একটি বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা বাসটি বিভিন্ন স্থান থেকে সেনাসদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে বাসের অধিকাংশ যাত্রী আহত হন।
হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, তিনি চাকরির পরীক্ষা দিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সেনাসদস্যবাহী বাসটিতে ৪০ থেকে ৪২ জন নতুন রিক্রুট ছিলেন। তাঁদের অনেকেই আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :