
প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শেষ করে ফিরে যান।
অভিযানের সময় আনোয়ার আলীর সমর্থকরা বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। আনোয়ার আলী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র।
পুলিশ সূত্র জানায়, সাবেক মেয়রের ছেলে পারভেজ আনোয়ার তনুর বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি।
দলীয় একাধিক সূত্রের দাবি, শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকেই আনোয়ার আলী ও তার ছেলে পারভেজ আনোয়ার তনুর অনুসারী বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ক্ষমতায় থাকাকালে আনোয়ার আলীর সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের রাজনৈতিক বিরোধ ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পারভেজ আনোয়ার তনু কুষ্টিয়া-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা মামলায় গ্রেপ্তার হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
তাদের দাবি, সম্প্রতি আনোয়ার আলী ও তার অনুসারীদের প্রাধান্যে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্য হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা ওই বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি।”
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :