চুয়াডাঙ্গায় রাতের আঁধারে পটল ক্ষেতের সব গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ ১৫৪
চুয়াডাঙ্গায় রাতের আঁধারে পটল ক্ষেতের সব গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ গ্রামে রাতের আঁধারে একটি পটল ক্ষেতের সব গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কয়েক মাসের শ্রম, সময় ও বিনিয়োগ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার তিতুদহ গ্রামের বেনাগাড়ী মাঠে নিজের ১২ শতক জমির পটল ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, ক্ষেতের সব গাছ উপড়ে ফেলে রাখা হয়েছে। মাত্র কয়েকদিন পরই ক্ষেতের পটল বাজারজাত করার প্রস্তুতি ছিল বলে জানান তিনি।

ভুক্তভোগী কৃষক আব্দুল হালিম, তিতুদহ গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। তিনি বলেন, গত চার মাস ধরে নিজের শ্রম, সময় ও অর্থ ব্যয় করে ক্ষেতটি গড়ে তুলেছিলেন। প্রতিটি গাছে পটল ধরেছিল। ফসল বিক্রি করে সংসারের অভাব কিছুটা দূর করার আশা ছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ উপড়ে দিয়ে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সন্তানের মতো করে গাছগুলোর যত্ন নিয়েছি। সকালে এসে দেখি সব শেষ। যদি আমার সঙ্গে কারও শত্রুতা থেকেও থাকে, তাহলে আমার ক্ষতি করত, ফসলের কী দোষ ছিল? আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, একজন কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করা শুধু একজন মানুষের ক্ষতি নয়, এটি তার জীবিকা ও পরিশ্রমের ওপর নির্মম আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা হাসানুজ্জামান রিগান বলেন, সম্প্রতি এলাকায় একাধিক কৃষকের ফসল নষ্ট করার ঘটনা ঘটছে। এতে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এমন অপরাধ আরও বাড়তে পারে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১