
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ ‘স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম’ প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিযোগিতায় দেশব্যাপী ৮ হাজার ২৯টি প্রকল্পের মধ্যে বাছাই শেষে ৫৪৬টি প্রকল্প অংশ নেয়। পরে জেলা পর্যায় থেকে নির্বাচিত ১০১টি প্রকল্পের মধ্যে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের প্রকল্প জাতীয় পর্যায়ে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।
ঢাকা থেকে ফিরে বিজয়ী দলকে প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তারা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল এবং সন্ধানী সংস্থার সমন্বয়ক জকি আল মুহতানাক।
উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বিজয়ী তিন শিক্ষার্থী ও দুই গাইড শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই অর্জন শুধু মেহেরপুরের নয়, পুরো দেশের গর্ব। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শুধু চাকরির চিন্তা নয়, নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে বিশ্বজ্ঞান হাতের নাগালে পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকেও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি জেলার উন্নয়নের অন্যতম ভিত্তি হলো সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠানের মান। শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সাক্ষাৎ শেষে উপাচার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মেহেরপুর নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :