
সকাল ১০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুন নাহার মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসরিন ফেরদৌসী ও সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহিন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহামুদ এবং এনসিসি ব্যাংকের ফিনানশিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার।
স্বাগত বক্তব্যে কামরুন নাহার মুকুল বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ থ্যালাসেমিয়ার বাহক। বাহক-বাহক বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই রোগ প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও বাহক শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।
সেমিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের প্রধান ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন।
তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা এবং বাহক-বাহক বিয়ে এড়িয়ে চলা রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, অধিকাংশ থ্যালাসেমিয়া বাহকের শরীরে রোগটির কোনো লক্ষণ প্রকাশ পায় না। পরীক্ষার মাধ্যমে বাহক শনাক্ত করা সম্ভব।
দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :