
পুলিশ জানায়, গত ১৮ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ওসি (ডিবি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় ইমাম হাসান বুলেট (পিতা: খলিলুর রহমান, গ্রাম: জগতসিংহপুর, নওগাঁ সদর) এবং আশিকুর রহমান (৩৯) (পিতা: মনতাসের আলী, গ্রাম: হাস্তা-বাসন্তপুর, আক্কেলপুর, জয়পুরহাট)কে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিকালে ইমাম হাসান বুলেটের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে গত এক মাসে ওই অ্যাপগুলোর মাধ্যমে ৭৩ হাজার ৮৩৭ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র (বড় ছোরা), জুয়া খেলার এক হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমানের কাছ থেকে এক হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিবি পুলিশের তথ্যমতে, ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে এর আগেও মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :