বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ: চাপের মুখে পটিয়ার ওসি প্রত্যাহার


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ: চাপের মুখে পটিয়ার ওসি প্রত্যাহার

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের তীব্র আন্দোলনের মুখে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (১ জুলাই)। এদিন বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে আটক করে পটিয়া থানায় নিয়ে যান এবং তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর দাবি জানান। তবে পুলিশ দীপঙ্করের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়।

পুলিশের এই সিদ্ধান্তের পরই থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা থানার ভেতরেই বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে বুধবার (২ জুলাই) সকাল থেকে আন্দোলন বৃহত্তর রূপ নেয়। আন্দোলনকারীরা পটিয়া থানা ঘেরাও করার পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। দুপুরের পর তারা চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় রেঞ্জ ডিআইজির কার্যালয় ঘেরাও করে এবং জাকির হোসেন রোড অবরোধ করে রাখে।


দিনভর তীব্র আন্দোলনের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলেও ওসির প্রত্যাহারের দাবিতে অনড় থাকে। শেষ পর্যন্ত গভীর রাতে ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

আর্কাইভ