
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম দিদারুল আলম এ আদেশ দেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি রকিবুলকে গ্রেপ্তারের তথ্য জানান। ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, দণ্ডবিধির ১৫৩ ও ১২৪ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে আলোচনায় আসেন রকিবুল। অডিওতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনামূলক বক্তব্য শোনা যায়। সেখানে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশে পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ছড়িয়ে পড়া অডিওটি রকিবুলের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
অডিওটি ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর রকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। সে সময় ডিএমপি জানিয়েছিল, অডিওর বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :