আজাহার ইসলাম, (গাজীপুর) শ্রীপুর: বর্ষা মৌসুমে শ্রীপুর উপজেলায় শাপলা বিক্রয় করে ৩শ পরিবার তাদের সংসারের খরচ নির্বাহ করে। বর্ষার পানিতে টইটুম্বর খাল-বিল ও বিস্তীর্ণ জমি থেকে শাপলা আহরণ করে প্রায় দুই মাস তা বিক্রি করেই পরিবারগুলোর দৈদনন্দিন রোজগার হয়।
শাপলা বিক্রিতে কোনো পুঁজির দরকার হয় না বলে এ পেশাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এ উপজেলায় ছোট-বড় ৪-৫টি বিল রয়েছে। এসব বিল বছরের অধিকাংশ সময় জলবেষ্টিত থাকে। শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার দুই ইউনিয়নের ৫ গ্রামের ৩ শতাধিক পরিবার। শাপলা বিক্রি করে একজন ব্যক্তি দিনে ৫০০ থেকে ৮০০ টাকা আয় করেন। সাধারণত শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার নলগাঁও, প্রহলাদপুর, ডুমনী, লক্ষীপুর, টোকনয়ন বাজারসহ বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমে অনেক শাপলা হয়ে থাকে।
শাপলা ফুল সাধারণত জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত পাওয়া যায়। তবে মৌসুমের শেষ অর্থাৎ কার্তিক মাসে তেমন বেশি পাওয়া যায় না। এলাকার শাপলা সংগ্রহকারী কৃষকেরা ভোর থেকে নৌকা নিয়ে বিল থেকে সংগ্রহ করে এবং শেষ করে দুপুরের দিকে। শাপলায় রয়েছে একাধিক ভেষজ গুণ। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসেবে খেতেও সুস্বাদু। শাপলা কেউ খায় শখ করে, আবার কেউ খায় অভাবে পড়ে। শাপলা সাধারণত লাল ও সাদা রঙের হয়। এর মধ্যে সাদা ফুলবিশিষ্ট শাপলা সবজি হিসেবে ও লাল রঙের শাপলা ঔষধি কাজে ব্যবহত হয়। শাপলা খুব পুষ্টিসমৃদ্ধ সবজি। সাধারণত শাকসবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাত গুণ বেশি।
গৃহিণী রুবি আক্তার জানান, নৌকা দিয়ে নদী থেকে শাপলা তুলে এনে কেটে রোদে শুকিয়ে বিক্রি করেন। ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করতে পারেন। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডুমনি গ্রামের পাইকার ইলিয়াস মিয়া জানান, শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার মোঠা শাপলা ক্রয় করে থাকেন। সংগ্রহকারীদের কাছ থেকে প্রতি মুড়ি (আঁটি) শাপলা ১৫ টাকা দরে ক্রয় করা হয়। তারপর গাড়ি ভাড়া গড়ে ৫ টাকা, লেবার ২ টাকা, আড়তদারি খরচ ৫ টাকাসহ মোট ২০ থেকে ২৫ টাকা খরচ পড়ে। যাত্রাবাড়ী আড়তে শাপলা বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা মুড়ি (আঁটি) । যদি আধুনিক চাষাবাদ হিসেবে এর, আবাদ করা যায় তা হলে এ শাপলা সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে।
আপনার মতামত লিখুন :