পে-ফিক্সেশনে বাড়বে মূল বেতন, মিলবে না শ্রান্তি ও বিনোদন ভাতার বকেয়া


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ ১৯০
পে-ফিক্সেশনে বাড়বে মূল বেতন, মিলবে না শ্রান্তি ও বিনোদন ভাতার বকেয়া

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকছে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

গত ১১ নভেম্বর অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময় অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত তাঁর মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়ও এ নিয়ম বহাল রাখা হয়েছে।

তবে নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব পুনরায় সমন্বয় করা হবে না।

অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। পরে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও আগে উত্তোলিত ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া দাবি করা যাবে না।

প্রজ্ঞাপনে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে বাড়তি অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০