
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান,’ ঢাকার কদমতলীতে একটি দোকানে মারধরের হাত থেকে নিজেকে বাঁচাতে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের ৯৯৯ নম্বরে ফোন করে হৃদয় নামের এক চোর।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৯৯৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কদমতলী থানার খানকা রোডে পাসপোর্ট অফিসের পাশের দোকান থেকে হৃদয় নামের এক ব্যক্তি ফোন করেন। ফোন রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।
হৃদয় ফোন করে বলল, “হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।”
বিষয়টি তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় অবহিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খবর পেয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখেন হৃদয়কে স্থানীয়রা ধরে নিয়ে মারধর করছে।
পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই আল আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :