ন্যাম ভবনে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ ৪২
ন্যাম ভবনে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফ্ল্যাটটিতে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কাজ করছেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘটতে পারে।

গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। প্রথমদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কেউ কেউ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন।

পরে গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তিনি ওই পোস্টে মগবাজারের ঘটনার বিষয়ে নিজের বক্তব্যও তুলে ধরেন।

ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০