
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি পরিচিতজনদের সতর্ক করে বলেন, তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে অথবা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে যেন কেউ তাতে সাড়া না দেন।
ঘটনার বিস্তারিত বর্ণনায় আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন তিনি। এ সময় গাড়ির ভেতরে বসে মুঠোফোনে খুদে বার্তা দেখছিলেন।
গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ হঠাৎ জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর মুঠোফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তাকে ধরার চেষ্টা করলেও ওই তরুণ দৌড়ে পালিয়ে যায়।
নিজের অসতর্কতাকে ঘটনার কারণ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। ফোনটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে তাঁকে জানানো হয়েছে। ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :