
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা রওনক হাসান, ইরফান সাজ্জাদ, সিয়াম আহমেদ, পূজা চেরী, সংগীতশিল্পী কোনাল এবং নির্মাতা আশফাক নিপুনসহ অনেকে।
অভিনেতা সিয়াম আহমেদ ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়ে বলেন, “সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” তিনি কোনোভাবেই সত্য চাপা না দেওয়ার আহ্বান জানান।
চিত্রনায়িকা পূজা চেরী বলেন, একটি পরিবারের একমাত্র সন্তান এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। তিনি সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
নির্মাতা ও অভিনেতা আশফাক নিপুন শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান করার দাবি জানিয়েছেন। তিনি আইনি জটিলতা বা ফাঁকফোকরের অজুহাতে যেন অপরাধীরা পার না পায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিনেতা রওনক হাসান অপ্রতীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ইরফান সাজ্জাদ ও সংগীতশিল্পী কোনালও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অপ্রতীমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে। এ অবস্থায় দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবিই এখন সামনে এসেছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :