আসন ভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
আসন ভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু

লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু ।  ভোটকেন্দ্রে, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

মনির হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। একই ভোটকেন্দ্রে গণভোটও হবে। এবার পোস্টাল ব্যালট গণনার জন্য কেন্দ্রের নামও যুক্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে।

৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে দুই লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (নারী, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে।