ডিএজি ছোটনের ‘লেডি মীরজাফর’ পোস্ট নিয়ে হাইকোর্টে রুমিন ফারহানা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ ৬৯
ডিএজি ছোটনের ‘লেডি মীরজাফর’ পোস্ট নিয়ে হাইকোর্টে রুমিন ফারহানা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ‘লেডি মীরজাফর’ উল্লেখ করে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই অভিযোগে ওই আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেন রুমিন ফারহানা।

কার্যতালিকায় থাকা একটি মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন এবং আসামিপক্ষে ছিলেন রুমিন ফারহানা। মামলাটি শুনানির জন্য উঠলে রুমিন ফারহানা আদালতের সামনে এসে ডিএজির ফেসবুক পোস্টটি তুলে ধরেন।

রুমিন ফারহানা আদালতকে বলেন, ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভ থেকে তার বিরুদ্ধে ওই পোস্ট দেওয়া হয়েছে। ডিএজি ছোটন রাষ্ট্রপক্ষে তার কোনো মামলায় শুনানি করলে ব্যক্তিগত ক্ষোভের কারণে তার মক্কেলের বিপক্ষে অবস্থান নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে ওই আইন কর্মকর্তা যেন তার কোনো মামলায় শুনানি না করেন, সে আবেদন জানান রুমিন ফারহানা।

পরে আদালত বিষয়টি আমলে নিয়ে ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটির শুনানি করতে বলেন। মামলার নথি পর্যালোচনা শেষে অবকাশকালীন ছুটির পর বিষয়টি শুনানির জন্য রাখার আদেশ দেন হাইকোর্ট।

এদিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে রুমিন ফারহানা দাবি করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ করে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন।

অভিযোগে ওই পোস্টের বক্তব্য উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সেখানে তাকে ‘লেডি মীরজাফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দাবি, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য অশোভন ও দায়িত্বশীল আচরণের পরিপন্থী। একই সঙ্গে এতে একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুমিন ফারহানা আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডিএজির সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বক্তব্য ও আচরণ গ্রহণযোগ্য নয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০