হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ ১৩২
হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় সংসদের অধিবেশনে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলে সম্পূরক প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। তার এই বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুধু তাই নয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংসদে কী বলেছিলেন হাসনাত আব্দুল্লাহ?
প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিমাসে গড়ে হত্যাকাণ্ড হয়েছে ২৬০টি আর বর্তমান সরকারের সময় হত্যা হয়েছে ৩১১টি। সে সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮০ জন আর বর্তমান সরকারের সময় ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮৯ জন।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বিগত সরকারের ৬ মাসে ১ হাজার ৯০টি আর বর্তমান সরকারের সময় ঘটেছে ১১ হাজার ১৬৫টি। বিগত সরকারের সময় ৬ মাসে গণপিটুনিতে নিহত হয় ১৬৬ জন আর বর্তমান সরকারের ৬ মাসে গণপিটুনিতে নিহত হয় ১২০ জন। পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ২৭৫টি যেখানে এই সরকারের সময় ঘটে ৩১৭টি।

ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়া একটি কালচারাল জেলা সেখানে গান-বাজনা, সিনেমা বন্ধের মতোই।

সবশেষ হাসনাত বলেন, এই ৬ মাস বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পেরেছেন কি না বা তিনি এই ৬ মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পেরেছেন কি না বা এই ৬ মাসে ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কি না।

হাসনাতের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটা আরেকটা প্রশ্ন।’

হাসনাতের বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সেই স্ট্যাটিস্টিকটা আমি জানি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান।’ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর অপরাধীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ‘সামাজিকভাবে যেকোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সে স্পেসিফিক ঘটনা আমি ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারবো।’

সংসদে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

এদিকে, জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সম্প্রতি বিভিন্ন ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এসময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তারা শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে না দেওয়ার ঘোষণাও দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১