
একই দিনে হাদির ওপর হামলা এবং গ্রামের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় শরীফ ওসমান হাদির পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটে। হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এই সুযোগে বাড়িতে কেউ না থাকার সময় চোর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। জানা যায়, দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার মাথায় আঘাত করে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার শেষে খুলি খোলা রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আপনার মতামত লিখুন :