দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এল ১৮টি ব্রডগেজ রেলকোচ


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ ৯৮
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এল ১৮টি ব্রডগেজ রেলকোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালানে ১৮টি কোচ দেশে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার গেদে সীমান্ত হয়ে দর্শনায় পৌঁছায়।

দর্শনা সীমান্তে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন। নতুন রেলকোচ দেখতে সীমান্ত এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তায় কোচগুলোতে দুর্ঘটনার অভিঘাত মোকাবিলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পরিবেশবান্ধব বায়ো-টয়লেট ও ইলেকট্রো-নিউম্যাটিক চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। কোচগুলোর কাঠামোতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতির উপযোগী করে এগুলো নকশা করা হয়েছে।

প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার ও দুটি এসি পাওয়ার কার।

দর্শনায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে কোচগুলো পরীক্ষার জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হবে। এতে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো দর্শনা বন্দরে পৌঁছেছে। এরপর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান শেষে কোচগুলোর কার্যকারিতা সম্পর্কে মূল্যায়ন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) ২০২৪ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী, মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হবে। এসব কোচ নতুন ট্রেন চালু ও রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর আগে ভারত সরকারের ঋণসহায়তার আওতায় বাংলাদেশকে ২০১৪ সালে ৩০টি এবং ২০১৫ সালে আরও ১০টি ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহ করা হয়। ২০১৮ সালে সরবরাহ করা হয় ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ।

 

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১