
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজনেরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতায়ও ভুগছিলেন তিনি। গত ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তাঁর উল্লেখযোগ্য কাজ।
২০২১ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :