পদ্মা সেতুর কাছে চিনির ট্রাকে আগুন, এক্সপ্রেসওয়ে অবরোধ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ ৪৯
পদ্মা সেতুর কাছে চিনির ট্রাকে আগুন, এক্সপ্রেসওয়ে অবরোধ

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় লাঠিসোঁটা ও ককটেল নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই দুষ্কৃতকারীরা সটকে পড়ে।

এই অবরোধের কারণে সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন সেতু পারাপার হতে পারলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়।

এদিকে, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সামনের সারিতে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে এবং সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।”


আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০