টাঙ্গাইল কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু!
প্রতিনিধি
প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
১১২

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইল কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাতে তিনি মারা যান। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন।
গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, টাঙ্গাইল কারাগারে হাজতীর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন।
আপনার মতামত লিখুন :