তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ ৪১
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসাতে বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে এনসিপির ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সারা দেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের পছন্দের লোক বসানোর চেষ্টা করেছিল বলে তিনি মনে করেন। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপিকে এ ধরনের পরিকল্পনা থেকে সরে আসতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে এনসিপির প্রস্তাবিত ‘র‍্যাঙ্ক চয়েস সিস্টেম’-এর ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দল ও সরকারের সমালোচনাকারী সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চলছে। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ময়মনসিংহে এক নারীকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে ওই নারীকে থানায় নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর দেখেছেন তাঁরা।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হলে শুরুতেই তা প্রতিরোধ করতে হবে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে প্রথম দিকে প্রতিরোধ করা না যাওয়ায় দলটি দীর্ঘ সময় একনায়কতান্ত্রিক শাসন চালাতে পেরেছিল। বিএনপিও একই ধরনের কৌশলে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারসাজি মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার এবং ঢাকা বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১