ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।

সিইসি নাসির উদ্দিন জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য সব ধরনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।

তিনি বলেন, নির্বাচনকে সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সহযোগিতা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সরকার সবসময় ইসির পাশে থাকবে।

তিনি আরও বলেন, “জাতির প্রত্যাশিত নির্বাচনে আপনারা মূল দায়িত্বে রয়েছেন। আমাদের অবশ্যই লক্ষ্য অর্জন করতে হবে।”

প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের জনগণকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সূত্র: বাসস

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১