আদালতের নির্দেশে ২০ বছর পরে নিজের জমি ফিরে পেলেন ভুক্তভোগী


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
আদালতের নির্দেশে ২০ বছর পরে নিজের জমি ফিরে পেলেন ভুক্তভোগী

মহসিন খান বুলবুল, সাভার: ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান মন্ডলপাড়া এলাকায় আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন প্রশাসন।

২০ বছর পর জমি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভুক্তভোগী নারী। আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।অভিযানে আমিন বাজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলপাড়া এলাকার বাসিন্দা রানুয়ারা বেগমের স্বামী মরহুম হাজী রফিকুল ইসলাম জীবিত অবস্থায় ওই এলাকায় একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি হেবা দলিলের মাধ্যমে জমিটি তার স্ত্রী রানুয়ারা বেগমের নামে হস্তান্তর করেন। সে সময় তাদের ছেলে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম নাবালক থাকায় জমিটির দেখভালের দায়িত্ব পরিবারের পক্ষ থেকেই পরিচালিত হচ্ছিল।

পরবর্তীতে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম সাবালক হওয়ার পর পারিবারিক সূত্রে জমিটির মালিকানা তার কাছে আসে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় সিদ্দিক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হন।

পরে আদালতের নির্দেশে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম-এর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করে ভুক্তভোগী জমির প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করে অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত