ফার্মেসি মালিক ও ভাগিনাকে থাপ্পড়ের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও ভাইরাল


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
ফার্মেসি মালিক ও ভাগিনাকে থাপ্পড়ের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ফার্মেসির মালিক ও তাঁর ভাগিনাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক রিসেপশনিস্টের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে শহরের যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সোমবার (১৮ মে) বিকেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে তাসলিমা বেগম নামে এক নারীকে হাসপাতালের রিসেপশনিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁকে হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী নিয়োগ দেন।

হাসপাতাল-সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, যোগদানের পর থেকেই তাসলিমা বেগম বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়ে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। ফার্মেসির মালিক জামাল মিয়া বলেন, তিনি এক রোগীর ওষুধের বিল করছিলেন। এ সময় হাসপাতালের কয়েকজন কর্মী বাইরে উচ্চস্বরে কথা বলছিলেন। পরে রিসেপশন থেকে এসে তাসলিমা তাঁদের উদ্দেশ করে কথা বলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি জামাল মিয়ার ভাগিনা অথয়কে থাপ্পড় মারেন। পরে জামাল মিয়া দোকান থেকে বের হয়ে এলে তাকেও থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন তিনি। পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেন জামাল মিয়া।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাবেক এমডি জুলফিকার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আসছিলেন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা। সম্প্রতি শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও চিকিৎসক নেতার মধ্যস্থতায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন তিন সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে জুলফিকার আলীকে চেয়ারম্যান এবং কাউসার মিয়াকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাউসার মিয়া বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তাঁর অভিযোগ, সাবেক এমডি জুলফিকার আলীর মাধ্যমে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বাইরে দেওয়া হয়েছে এবং তা সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তাসলিমা বেগমকে ফার্মেসির মালিককে থাপ্পড় ও ঘুষি মারতে দেখা গেছে।

কাউসার মিয়া আরও দাবি করেন, জুলফিকার আলীর দায়িত্বকালীন সময়ে হাসপাতালের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। নতুন কমিটি গঠনের পর থেকেই হাসপাতালকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী। তিনি বলেন, তাঁকে বাদ দিয়ে গোপনে কয়েকটি সভা করা হয়েছে। তাসলিমাকে দিয়ে তিনি কোনো কিছু করাননি। সাংবাদিকেরা তাঁর কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, হাসপাতালের কর্মী ও ফার্মেসির মালিকের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত নারীর পক্ষ থেকেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১