চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পি.স্ত.ল ও গু.লি উদ্ধার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৩ জুন, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পি.স্ত.ল ও গু.লি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানসংলগ্ন স্থানে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরোনো বিদেশি তৈরি সচল ৭ দশমিক ৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘MADE IN ITALY’ লেখা ছিল। উদ্ধার হওয়া গুলিগুলোর পেছনে ‘KF 7.65’ খোদাই করা ছিল।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে জমা দেওয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদিনীপুর ক্যাম্পের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০