কেউ নাম ভাঙিয়ে অপকর্ম করলে সরাসরি আমার কাছে আনবেন: এমপি ফখরুল ইসলাম


আবদুল্লাহ আল মামুন, কবিরহাট (নোয়াখালী) প্রকাশের সময় : ৩ জুন, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
কেউ নাম ভাঙিয়ে অপকর্ম করলে সরাসরি আমার কাছে আনবেন: এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কবিরহাট-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে সরাসরি তাঁর কাছে নিয়ে আসতে হবে। তিনি বলেন, “কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো অনিয়ম বা অপকর্ম করে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবেন। আমি নিজেই তার বিচার করব।”

মঙ্গলবার কবিরহাট উপজেলার শিরিন গার্ডেনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুধীজন এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ফখরুল ইসলাম নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

সভায় সাংবাদিকেরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে সংসদ সদস্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, জনকল্যাণে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন কবিরহাট পৌরসভাকে আধুনিক ও প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি পৌর এলাকায় আধুনিক মাছের বাজার, গরুর হাট, শিশু পার্ক নির্মাণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি সরকারি খাসজমি দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া অন্য সাংবাদিকেরা কবিরহাট বাজারে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ, খাদ্যগুদামের উন্নয়ন, স্বাস্থ্যসম্মত গণশৌচাগার স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

জবাবে ফখরুল ইসলাম বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কবিরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০