
এমপিওভুক্তির অপেক্ষায় ২১ বছর, শ্রেণিকক্ষে চিরবিদায় নিলেন প্রভাষক। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সিরাজুল ইসলাম শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকর্মী ও স্বজনদের তথ্যমতে, তিনি শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মো. সিরাজুল ইসলাম দীর্ঘ প্রায় ২১ বছর ধরে এমপিওভুক্তি ছাড়াই প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করে আসছিলেন। সরকারি বেতন-ভাতার আওতার বাইরে থেকেও তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে গেছেন বলে সহকর্মীরা জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট মহল গভীর শোক প্রকাশ করেছে। অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে দীর্ঘদিন এমপিওভুক্তির বাইরে থেকে দায়িত্ব পালন করা শিক্ষকদের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিক্ষকদের ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :