সাঁথিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন, অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ


মো. ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
সাঁথিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন, অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

পাবনার সাঁথিয়ায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধ কিছু মানুষ অভিযুক্তের দোকান ও বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জুন) আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সামনে আতাইকুলা–সুজানগর আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযোগের তীর আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ১১ জুন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে জোর করে একটি মুদি দোকানে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। একই দিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার বিদ্যালয় খোলার পর শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে মানববন্ধনের সময় বিক্ষুব্ধ জনতার একটি অংশ আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্ত আবুল কাশেমের মুদি দোকান ও তার বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার স্বজনদের কয়েকটি বাড়ি, একটি চায়ের দোকান এবং একটি মাইক্রোবাসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল হোসেন বলেন, বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০