আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: কখন শুরু, কোথায় দেখবেন, সমীকরণসহ সবকিছু


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ জুন, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: কখন শুরু, কোথায় দেখবেন, সমীকরণসহ সবকিছু

হ্যাটট্রিক হিরো লিওনেল মেসি আজ (সোমবার) রাতে আবারও মাঠে নামছেন। বিশ্বকাপ ধরে রাখার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।

ম্যাচ: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
গ্রুপ: জে
কোথায়: ডালাস স্টেডিয়াম, ডালাম, টেক্সাস
কখন: স্থানীয় সময় সোমবার বেলা ১২টা। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা।
কীভাবে দেখবেন: ম্যাচটি সারাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া যদি বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে টফি, বায়স্কোপ, মাই রবি কিংবা আই স্ক্রিনে দেখতে পারবেন নির্ধারিত নিয়মে সাবস্ক্রাইব করে।

আর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ সকল ম্যাচের খবরাখবর এবং বিশ্লেষণ জানতে এখানে ক্লিক করুন

আবারও উজ্জ্বল ম্যাজিক মেসি

বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করেছেন মেসি। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ এক জাদু দেখিয়েছেন তিনি। এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দেন তিনি।

তবে এই ম্যাচে দক্ষিণ আমেরিকার জায়ান্টদের জন্য অস্ট্রিয়া বেশ কঠিন প্রতিপক্ষ হতে পারে। নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়েছে রালফ রাংনিকের দল। দুই দলই মাঠে নামছে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে। আজ যে দল জিতবে, তাদের নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করালেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেললেন এক অনন্য কীর্তি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

ফিফা বিশ্বকাপে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। এই আর্জেন্টাইন সুপারস্টারের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে সংখ্যাটা আরও বাড়ত। বিশ্বকাপে এখন তার মোট গোল সংখ্যা ১৬টি।

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন আর্জেন্টিনার এই ‘নাম্বার টেন’। এরপর ফরাসি ক্লাব পিএসজি ঘুরে তিনি এখন মাঠ মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রিভিউ: সূচি, ফাইনালের যাত্রাপথ, শক্তি-দুর্বলতাসহ সম্পূর্ণ গাইড

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক হয়েছিল।

তবে গত ম্যাচে হ্যাটট্রিক করলেও বিতর্ক এড়াতে পারেননি মেসি। আলজেরিয়ার দাবি, তাদের অধিনায়ক ইসা মান্দির পায়ের পেশিতে পাড়া দেওয়ার কারণে মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। এই ঘটনায় ফিফার রেফারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে আলজেরিয়া।

মেসি ছাড়াও আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক অস্ট্রিয়া

ম্যাচের আগে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা দলে শুধু মেসি একাই নন, আরও অনেক মানসম্পন্ন ফুটবলার আছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমরা জানি আমরা কেমন প্রতিপক্ষের বিরুদ্ধে নামছি। মেসি ছাড়াও তাদের দলে কেমন মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং দল হিসেবে তারা কী করতে পারে, তা আমাদের জানা।’’

অস্ট্রিয়ার মূল পরিকল্পনা তাদের চেনা ‘অর্গানাইজড প্রেসিং’ গেম। এর মাধ্যমে তারা আর্জেন্টিনার খেলার ছন্দ নষ্ট করতে চায় এবং গ্রুপ সেরা হওয়ার দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে চায়।

নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এই ইউরোপীয় দলটি। সেই ম্যাচে ১০২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউটোভিচ।

এদিকে আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার সতর্ক করে বলেছেন, আলজেরিয়ার চেয়ে অস্ট্রিয়া সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। রালফ রাংনিকের এই দলটিকে বেশ শারীরিক ফুটবল খেলা দল হিসেবে বর্ণনা করেছেন তিনি। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইমার বলেন, অস্ট্রিয়া খুব কঠিন প্রতিপক্ষ, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ দলের ক্ষেত্রেই যা দেখা যাচ্ছে।

কী বলছে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ভবিষ্যৎবাণী?

পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’-র সুপারকম্পিউটারের মতে, এই ম্যাচে জয়ের সম্ভাবনায় অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬০.১ শতাংশ।

ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭.৬ শতাংশ।

বর্তমানে অপটা-র তালিকায় বিশ্বকাপ জেতার দৌড়ে চতুর্থ ফেভারিট দল হিসেবে রয়েছে আর্জেন্টিনা।

গ্রুপ ‘জে’-এর পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার পয়েন্ট গোল ব্যবধান
আর্জেন্টিনা ১ ১ ০ ৩ +৩
অস্ট্রিয়া ১ ১ ০ ৩ +২
জর্ডান ১ ০ ১ ০ -২
আলজেরিয়া ১ ০ ১ ০ -৩

পরবর্তী পর্বের সমীকরণ: প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি পরের রাউন্ডে যাবে। এছাড়া ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও সুযোগ পাবে। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম প্রবর্তন করা হয়েছে ‘রাউন্ড অব ৩২’ বা শেষ ৩২-এর লড়াই।

সাম্প্রতিক ফর্ম (শেষ ৫ ম্যাচ, সাম্প্রতিক ম্যাচটি আগে)

আর্জেন্টিনা: জয়-জয়-জয়-জয়-জয় (W-W-W-W-W)
অস্ট্রিয়া: জয়-জয়-জয়-জয়-ড্র (W-W-W-W-D)

চলতি আসরে মুখোমুখি হওয়ার আগে দুর্দান্ত ফর্মে রয়েছে দুই দলই। আর্জেন্টিনা তাদের শেষ আটটি ম্যাচের সবকটিতেই জিতেছে। এর মধ্যে সাতটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি।

অন্যদিকে অস্ট্রিয়াও রয়েছে দারুণ ছন্দে। বিশ্বকাপে আসার আগে নিজেদের সবকটি প্রীতি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে তারা।

হেড টু হেড: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া

এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এই দুই দল কখনো মুখোমুখি হয়নি।

অতীতে তারা কেবল দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল, যার দুটিই হয়েছিল ভিয়েনাতে। ১৯৮০ সালের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৫-১ ব্যবধানে বড় জয় পেয়েছিল। যেখানে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন। এর ঠিক ১০ বছর পর ১৯৯০ সালের দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

বিশ্বকাপ জিততে কোন রাউন্ডে কাকে মোকাবিলা করবে আর্জেন্টিনা? নক আউটের শুরুতেই দেখা হতে পারে স্পেনের

দলীয় খবর ও সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা শিবিরে কিছুটা ইনজুরি শঙ্কা রয়েছে। হ্যামস্ট্রিং সমস্যার কারণে রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েলকে নিয়ে কিছুটা সংশয় আছে। তিনি খেলতে না পারলে তার জায়গায় নাহুয়েল মোলিনা একাদশে আসতে পারেন।

অস্ট্রিয়া দলেও রাইট-ব্যাক পজিশন নিয়ে দুশ্চিন্তা রয়েছে। চোয়ালের ইনজুরির কারণে স্টিফান পশের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে প্রথম ম্যাচে বেঞ্চ থেকে এসে গোল করা অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউটোভিচ এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামার দৌড়ে এগিয়ে আছেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনসো ফের্নান্দেস, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি (অধিনায়ক) ও লাউতারো মার্তিনেস।

অস্ট্রিয়ার সম্ভাব্য একাদশ:

আলেকজান্ডার শ্লেগার (গোলরক্ষক); কনরাড লাইমার, ফিলিপ লিনহার্ট, ডেভিড আলাবা (অধিনায়ক), ফিলিপ মিয়েন; নিকোলাস সাইওয়াল্ড, জাভার শ্লেগার; রোমানো শ্মিড, কার্নি চুকুয়েমেকা, মার্সেল জাবিটজার; সাশা কালাইদজিচ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০