
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, তার পুরো পরিবারই ব্রাজিলের সমর্থক। ভাই, ভাবি, মামা-মামিসহ পরিবারের সবাই ব্রাজিলের খেলার প্রতি আগ্রহী। সেই পারিবারিক আবহেই ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছেন তিনি।
তবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা বিভাজন নিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, দেশে ফুটবলকে ঘিরে অনেক সময় অযথা বিদ্বেষ তৈরি হয়। ব্রাজিল জিতলে আর্জেন্টিনা সমর্থকদের, আবার আর্জেন্টিনা জিতলে ব্রাজিল সমর্থকদের একটি অংশের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অথচ খেলাকে উপভোগ করাই হওয়া উচিত মূল বিষয়।
তটিনী বলেন, একজন দর্শক হিসেবে তিনি আর্জেন্টিনা দলকেও পছন্দ করেন এবং তাদের প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই। বিশেষ করে লিওনেল মেসির প্রশংসা করে তিনি বলেন, মেসি একজন অসাধারণ ফুটবলার এবং তার মতো একজন খেলোয়াড়কে ঘৃণা করার কোনো কারণ তিনি দেখেন না।
অভিনেত্রীর মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তবে সেটি যেন সুস্থ প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। খেলাকে খেলার মতো উপভোগ করাই একজন প্রকৃত ফুটবলপ্রেমীর পরিচয়।
তটিনীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন এবং খেলাধুলায় পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :